গত লেখায় আমরা রোজ ২০ মিনিটের প্র্যাকটিস ধরে রাখার কিছু সহজ বুদ্ধি নিয়ে গল্প করেছিলাম। কীভাবে আলসেমিকে ফাঁকি দিয়ে প্রতিদিন একটু একটু করে চাকা ঘোরানো যায়, তা আমরা এখন জানি।
কিন্তু দিনকয়েক যাওয়ার পর মনের ভেতর এক অদ্ভুত খটকা তৈরি হয়। মনে হয়: “আমি যে রোজ নিয়ম করে সময় দিচ্ছি, আসলেই কি কোনো লাভ হচ্ছে? নাকি আমি সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি?”
আজকের গল্পটা আমাদের এই শেষ খটকাটা নিয়ে। কোনো পরীক্ষা বা রেজাল্ট শিট ছাড়াই আপনি কীভাবে নিজের উন্নতিটা টের পাবেন, আর কখন আপনার পুরোনো সহজ সাইকেলটা বদলে একটু বড় সাইকেলে ওঠার সময় হয়েছে, আজ আমরা সেটাই জানব।
১. উন্নতির এক ছদ্মবেশী ফাঁদ
আমরা যখন নতুন কোনো ভাষা শিখতে যাই, আমরা ভাবি আমাদের উন্নতির গ্রাফটা বুঝি প্রতিদিন একটা রকেটের মতো সোজা ওপরের দিকে উঠতেই থাকবে। কিন্তু ব্রেনের নিয়মটা আসলে অন্যরকম।
মাঝে মাঝে মনে হতে পারে আপনি একই জায়গায় গোল গোল ঘুরছেন। এক সপ্তাহ ধরে অ্যাপ ব্যবহার করার পরেও হয়তো হঠাৎ একদিন একটা খুব সাধারণ কথা বলতে গিয়ে আপনার মুখ আটকে যাবে। তখন মাথা গরম হয়ে মনে হবে: “ধুর! আমাকে দিয়ে কিচ্ছু হবে না।”
আসল সত্যটা কিন্তু অন্য। গাছ লাগানোর পর প্রথম কয়েকদিন মাটির ওপরে কিছুই দেখা যায় না। মাটির নিচে যে শিকড় গজানোর কাজটা নিঃশব্দে চলছিল, তা আমরা ওপর থেকে বুঝতে পারি না।
ইংরেজি শেখার বেলাতেও ঠিক তা-ই হয়। ভেতরে ভেতরে ব্রেনের রাস্তাগুলো পাকা হচ্ছে, যার প্রমাণ আপনি হঠাৎ একদিন টের পাবেন।
২. পরীক্ষা ছাড়াই উন্নতি বোঝার ৩টি সহজ লক্ষণ
আপনার ইংরেজি কতটুকু উন্নত হলো, তা মাপার জন্য কোনো কঠিন পরীক্ষার হলে বসার দরকার নেই। ব্রেন যে আগের চেয়ে ভালো কাজ করছে, তা বোঝার জন্য তিনটি খুব সাধারণ লক্ষণ খেয়াল করুন।
লক্ষণ ১: মাথার ক্লান্তি কমে যাওয়া
আগে একটা ইংরেজি লেখা পড়তে বসলে বা কোনো ভিডিও দেখতে গেলে মাথাটা কেমন যেন জ্যাম হয়ে যেত, খুব ক্লান্ত লাগত। এখন কি সেই জ্যাম ভাবটা একটু কম মনে হয়? যদি কোনো ইংরেজি লেখা আগের চেয়ে কম ক্লান্তিতে হজম করতে পারেন, তবে বুঝবেন ব্রেন নিজের কাজ শুরু করে দিয়েছে।
লক্ষণ ২: অচেনা শব্দের ধাক্কা কমে যাওয়া
আমাদের সেই ৯৫%-এর নিয়মের কথা মনে আছে? আগে যে ভিডিওটা দেখতে গেলে প্রতি লাইনে ৩-৪টা শব্দে খটকা লাগত, এখন কি সেখানে পুরো বাক্য জুড়ে মাত্র একটা শব্দ অচেনা ঠেকছে?
চেনা শব্দের এই সংখ্যা বেড়ে যাওয়াটাই আপনার আসল সার্টিফিকেট।
লক্ষণ ৩: সাবটাইটেল ছাড়াই কান খাড়া হওয়া
সিনেমা বা ভিডিও দেখার সময় আগে যেখানে এক পলকের জন্যও সাবটাইটেল থেকে চোখ সরানো যেত না, এখন কি মাঝেমধ্যে সাবটাইটেল না দেখেই দু-একটা চেনা বাক্যের টুকরো কান নিজে থেকেই ধরে ফেলছে?
কান যদি একা একা ভাষাটা ধরতে শুরু করে, তবে বুঝবেন চাকা ঘুরতে শুরু করেছে।
৩. এবার একটু বড় সাইকেলে ওঠার পালা
যখন দেখবেন আপনার বর্তমান কনটেন্ট বা অ্যাপের পড়াগুলো একদম ‘পানির মতো সহজ’ লাগছে, তখন বুঝতে হবে এই চেনা রাস্তায় রোজ হাঁটলে ব্রেনের নতুন কোনো ক্ষমতা তৈরি হবে না। রাস্তা যদি একদম মসৃণ হয়, তবে গাড়ি চালাতে গিয়ে ঘুম চলে আসে। ব্রেনকে সামান্য একটু খোঁজার খাটুনি দিতে হবে, তবেই শেখাটা গভীরে জমবে।
তাই আপনার ইনপুট পাইপলাইনটা এবার ধাপে ধাপে একটু কঠিন করার সময় এসেছে।
লেভেল ১ থেকে লেভেল ২
Duo ABC আর Duolingo-র শুরুর লেসনগুলো যখন বেশ সহজে, কোনো ভুল ছাড়াই পার করছেন, তখন শুধু স্ক্রিন ছোঁয়ার খেলা বন্ধ করুন। এবার তালিকায় যোগ করুন Google Read Along আর BookBox-এর আসল গল্পগুলো।
এবার মুখ ফুটে জোরে জোরে পড়ার পালা।
লেভেল ২ থেকে লেভেল ৩
- BookBox-এর সহজ গল্পগুলো এখন সাবটাইটেল ছাড়াই পুরোটা বুঝতে পারছেন?
- Google Read Along-এর এআই অ্যাসিস্ট্যান্ট আপনাকে প্রতিবারই পুরো স্টার দিচ্ছে?
ব্যস, এবার বড়দের জন্য সহজ ভাষায় লেখা গ্রেডেড রিডার্স (Graded Readers) বা উপন্যাসের বইতে হাত দেওয়ার সময় হয়েছে। সাথে ইউটিউবে আপনার পছন্দের যেকোনো একটা বিষয় ধরে টানা ভিডিও দেখা শুরু করুন।
শেষ হিসাব
এই সিরিজের শুরু থেকে আজ পর্যন্ত আমরা যতগুলো পথ হেঁটে এলাম, তার পুরো নকশাটা কিন্তু বড্ড সরল:
- আমাদের মাথা একটা প্যাটার্ন মেশিন। তাকে ভয়ের খাঁচায় বন্দী না করে, তার লেভেল অনুযায়ী সঠিক খাবার দিতে হবে।
- সময়টা হতে হবে অল্প, কিন্তু ঘন ঘন: রোজ ২০ মিনিট।
- আর এই যাত্রায় ভুল করা কোনো মহাপাপ নয়। সাইকেল শেখার সময় হাঁটু ছড়ে যাওয়ার মতোই এটা অনিবার্য, এবং আনন্দেরও।
আমি কোনো দামি ইংরেজি মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড বা কোটি টাকার কোচিং ছাড়া, খুলনার একটা সাধারণ ঘরের ছেলে হয়ে যদি নিজের প্র্যাকটিসের জোরে আইইএলটিএস (IELTS)-এ ৮.০ পেতে পারি, তবে আপনি কেন পারবেন না? পদ্ধতিটা কাগজে-কলমে যতটা সরল শোনায়, নিজের জীবনে খাটালে এটা ঠিক ততটাই চমৎকার কাজ করে।
আজকের পর থেকে ব্যাকরণের কঠিন নিয়ম মুখস্থ করার সেই গোলকধাঁধা থেকে নিজেকে মুক্ত করে দিন। নিজের ভেতরের এই জাদুকরি কারখানাটার ওপর ভরসা রাখুন।
চাকা একবার ঘুরতে শুরু করলে, তাকে থামানোর সাধ্য কারো নেই।
জানালার বাইরে তাকিয়ে দেখুন, মেঘেদের ওড়াউড়ি আজ বড় চমৎকার। নিজের মনের ভেতর থেকে খুব সহজ একটা ইংরেজি বাক্য তৈরি করে নতুন যাত্রার উদ্বোধনটা আজই করে ফেলুন না!
Life is beautiful.